নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারির প্রত্যাশা থাকলেও প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেছে, এখনো জারি হয়নি নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন। শুধু তাই নয়, খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ের ভেটিংয়েও পাঠানো হয়নি। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়েই রয়েছে।
তবে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। শিগগিরই খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষ হওয়ার পরই জারি হবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে কার্যকর হবে। আর বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন পে-স্কেলে বাড়িভাড়া ভাতাতেও বড় পরিবর্তন আসছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাওয়া যাবে। চিকিৎসাভাতাও এবার বয়সের সঙ্গে বাড়বে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নিচের গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হারও তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড ৬ ও তার নিচে ৫ শতাংশ, গ্রেড ৪ ও ৩-এ সাড়ে ৩ শতাংশ এবং গ্রেড ২-এ ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এবার সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতাও থাকছে। গ্রেড ৫ ও তার ওপরে ৫০০ টাকা এবং গ্রেড ৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া যাতায়াত ভাতা ৩০০ থেকে বেড়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে ৩ হাজার টাকা করে নতুন ভাতাও চালু হচ্ছে। তবে বাংলা নববর্ষ ভাতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বর্তমান মূল বেতনের ২০ শতাংশের পরিবর্তে তা ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
পাহাড়ি, হাওর, দ্বীপ ও চর এলাকার কর্মীদের ভাতাতেও পরিবর্তন আসছে। পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে বাড়ানোর সুপারিশ রয়েছে। পেনশনেও বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে নতুন পে-স্কেলে বেতন, ভাতা ও পেনশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। এখন মূল অপেক্ষা প্রজ্ঞাপন জারির। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে কবে আনুষ্ঠানিকভাবে এই নতুন কাঠামো কার্যকর করার ঘোষণা আসে, সেটিই দেখার বিষয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন