ঢাকা | |

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানে ২ উইকেট, এরপর ৩৩ রানেই ৪ উইকেট—শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য ঘুরে
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানে ২ উইকেট, এরপর ৩৩ রানেই ৪ উইকেট—শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেল শ্রীলঙ্কা। ৪ উইকেটের এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ফাতিমা সানা। পাকিস্তানের শুরুটা অবশ্য ছিল বিপর্যয়ের। মাত্র ৫ রানে ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারায় তারা। এরপর শাওয়াল জুলফিকার ২৪ ও গুল ফিরোজা ২১ রান করে ফিরলে চাপ আরও বাড়ে। আয়েশা জাফর ও সাদাফ শামাসও দ্রুত বিদায় নিলে বড় সংগ্রহের আশা কঠিন হয়ে পড়ে।


শেষদিকে দায়িত্ব নেন ফাতিমা সানা। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৭ রান করে দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দেন তিনি। তুবা হাসান অপরাজিত থাকেন ১২ রানে। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা নেন ২টি করে উইকেট। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শ্রীলঙ্কার শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৫ রানের মধ্যেই অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা। এরপর হাসিনি পেরেরা ৩ এবং ইমেশা দুলানি ২৪ রান করে ফিরলে চাপে পড়ে যায় লঙ্কানরা।


তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজনের ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি শ্রীলঙ্কাকে জয়ের পথে ফিরিয়ে আনে। সামারাবিক্রমা ৩৬ এবং কাভিশা ৩৩ রান করেন। শেষদিকে নিলাশিকা সিলভার ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ১৮ ওভার ৪ বলেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৪ উইকেটের জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠল তারা।


পাকিস্তানের হয়ে বল হাতে ৪ উইকেট নিয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ফাতিমা সানা। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও দলকে ফাইনালে তুলতে পারেনি। ফলে আবারও ভারত-পাকিস্তান ফাইনাল দেখার অপেক্ষায় থাকা ক্রিকেটপ্রেমীদের সেই আশা পূরণ হলো না। আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপে ভারত এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার এবং শ্রীলঙ্কা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা একবার জিতেছে এশিয়া কাপের শিরোপা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের