দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল-ফাওকার আশপাশের এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
হামলায় আহত কয়েকজনকে নাবাতিয়ে এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে। এদিকে দক্ষিণ লেবাননের বিনত জবেইল ও আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ভোরে শহরটির একাধিক বসতবাড়ি বোমা মেরে ধ্বংস করা হয়। পাশাপাশি কুনিন-সাফ আল-হাওয়া সড়কের আবাসিক এলাকায় ভারী মেশিনগান থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
এর আগে মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ফলে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর খবর এলেও পরবর্তী সময়ে তা বেড়ে সাতজনে পৌঁছেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন