চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে গোলাম সারোয়ারকে আটক করে।
পুলিশের দাবি, জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ভ্রমণ নথিও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে বিমানবন্দরের বহির্গমন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, গোলাম সারোয়ার বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের নির্দেশনায় ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের ফোন করে হুমকি দেওয়া, চাঁদাবাজি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানো এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। গোলাম সারোয়ারকে আটকের মধ্য দিয়ে বড় সাজ্জাদের সহযোগীদের বিরুদ্ধে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নতুন মাত্রা যোগ হলো।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন