শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার কোনো বিকল্প নেই। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের জবাব দিতে গিয়ে তিনি বলেন, পরীক্ষা ছাড়া কখনোই শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব নয় এবং পরীক্ষা ছাড়া কোনো সনদও দেওয়া যায় না। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক তাকে বিদ্রূপ করে ‘পরীক্ষা মিলন’ নামে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, যিনি উচ্চশিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, তিনি কি সেটিও পরীক্ষা ছাড়া পেয়েছেন? তার মতে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রকল্পভিত্তিক শিক্ষা থাকলেও মূল্যায়নের জন্য পরীক্ষা অপরিহার্য। তিনি বলেন, বর্তমানে অনেকেই বিভ্রান্তিকর মন্তব্য করে শিক্ষাব্যবস্থা নিয়ে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছেন। শিক্ষা নিয়ে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের আরও সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পিএইচডি ডিগ্রি নিয়ে সমালোচনার জবাবে একটি রসাত্মক গল্পও শোনান শিক্ষামন্ত্রী। সেই গল্পের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, শুধু ডিগ্রি অর্জন করলেই সঠিক বিচারবোধ তৈরি হয় না; বরং জ্ঞান ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়াই গুরুত্বপূর্ণ। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তার দাবি, যারা তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করছেন, তাদের অধিকাংশই শিক্ষার্থী নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সমালোচনা বা ট্রলকে গুরুত্ব না দিয়ে শিক্ষার উন্নয়নে নির্ধারিত দায়িত্ব পালন করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন