আওয়ামী লীগের মতো ‘খুনের রাজনীতি’ পরিহার না করলে বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার পথ অব্যাহত থাকলে জনগণের রায়ও বিপরীত হতে পারে। গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নূরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ সময় রাজপথে একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী ও সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। গাইবান্ধায় সাইফুল্লাহকে ‘বর্বরোচিত ও কাপুরুষোচিতভাবে’ হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ নয় এবং এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন