মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) রাজধানীর ২৯টি কোরবানির হাটে কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনা করছে। শনিবার (২৩ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২৬ মে পর্যন্ত চলবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮টি হাটে এই সেবা দেওয়া হচ্ছে।
এই উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর মোট ৮৭ জন ইন্টার্ন ভেটেরিনারি শিক্ষার্থী অংশ নিয়েছেন। তারা অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে হাটের ভেতরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দিচ্ছেন। ডিএলএস জানিয়েছে, হাটে আসা পশুর প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, জরুরি চিকিৎসা সহায়তা এবং রোগ শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিক ও হরমোনের অপব্যবহার রোধে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা দিয়াবাড়ি ২ নম্বর হাটের দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ডা. সালেফা আক্তার বলেন, প্রতিবছরের মতো এবারও অভিজ্ঞ চিকিৎসক ও ইন্টার্নদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তিনি জানান, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে প্রয়োজনভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক আর এস মাহমুদ হাসান বলেন, হাটে আসা অনেক পশুই দীর্ঘ যাত্রা ও গরমে স্ট্রেস, হিট স্ট্রোক এবং পানিশূন্যতায় ভুগছে। পর্যাপ্ত জায়গা ও ছায়ার অভাবে এসব সমস্যা দেখা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভেটেরিনারি মেডিকেল টিমের কেন্দ্রীয় সমন্বয় কর্মকর্তা ড. মো. সফিকুর রহমান (শশী) বলেন, কোরবানির পশুর ক্রয়-বিক্রয়, পরিবহন ও জবাই-পরবর্তী ব্যবস্থাপনায় স্বাস্থ্যঝুঁকি কমাতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে চিকিৎসক, ফিল্ড স্টাফ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন