ঢাকা | |
সংবাদ শিরোনাম :

তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের রামদা-চাপাতি হামলায় র‍্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগে মাদক কারবারিদের তথ্য সংগ্রহের সময় র‍্যাব-১১-এর তিন সদস্য সন্ত্রাসীদের হামলার শিকার
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের রামদা-চাপাতি হামলায় র‍্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগে মাদক কারবারিদের তথ্য সংগ্রহের সময় র‍্যাব-১১-এর তিন সদস্য সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। চাপাতি ও রামদা নিয়ে অতর্কিত এ হামলায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া খাল এলাকা দীর্ঘদিন ধরে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ওই দিন র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য এলাকায় প্রবেশ করলে কিছুক্ষণের মধ্যেই ৮–১০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।


এতে র‍্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নজিবুলকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে, যার মধ্যে একজনের মাথা ও হাতে গুরুতর ক্ষত রয়েছে।


র‍্যাব ও পুলিশ সূত্রে ধারণা করা হচ্ছে, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা গেছে বলে জানানো হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।


র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এ ধরনের পরিকল্পিত হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ চলাচলে ভয় পান এবং প্রতিবাদ করলে হুমকির মুখে পড়েন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন