সম্প্রতি এক ওয়াজ মাহফিলে ডিভোর্সি নারীকে বিয়ে করা নিয়ে এক প্রশ্নের জবাবে বিস্তারিত ব্যাখ্যা দেন শায়খ আহমাদুল্লাহ। প্রশ্নে একজন ব্যক্তি জানান, তিনি একজন তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছেন, কিন্তু পরিবার ও সমাজ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এবং নানা কটূক্তির শিকার হচ্ছেন। জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ডিভোর্সি বা বিধবা নারীকে বিয়ে করা কোনোভাবেই ভুল কাজ নয়, বরং ইসলামি দৃষ্টিতে এটি একটি প্রশংসনীয় ও সওয়াবের কাজ। সমাজে এ ধরনের সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখা অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের পেছনে শুধু নারীর দোষ থাকে না; বরং স্বামী ও পারিবারিক নির্যাতনের কারণেও অনেক নারী তালাক নিতে বাধ্য হন। এমন অবস্থায় সমাজের কটূক্তি তাদের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ইসলামিক ইতিহাসে নবী করিম (সা.) ও সাহাবিদের জীবনে দেখা যায়, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদের সঙ্গে বিবাহের অনেক উদাহরণ রয়েছে। তাই এ ধরনের বিয়ে ইসলামের সুন্নাহসম্মত ও গ্রহণযোগ্য একটি বিষয়।
তিনি সমাজের প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণার সমালোচনা করে বলেন, বয়স্ক বা একাকী মানুষদের পুনরায় বিয়ে করাও স্বাভাবিক বিষয়, কিন্তু সমাজের এক শ্রেণির মানুষ এসব নিয়েও কটূক্তি করে, যা অনুচিত। সবশেষে তিনি বলেন, কোনো ভালো কাজকে খারাপভাবে উপস্থাপন করা বা হাস্যরসের বিষয় বানানো ইসলামসম্মত নয় এবং এসব মানসিকতা থেকে বের হয়ে আসা প্রয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন