আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে রোববার (২৬ নভেম্বর) ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশে চলমান হরতাল অবরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে বিজিবি। তারই অংশ হিসেবে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে প্রথম দিনে এই সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর থেকে মোটামুটি লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এর মধ্যে তফসিল ঘোষিত হওয়ায় প্রতিবাদে ২ দিন হরতাল পালন করা হয়। এখন নিয়মিতভাবে সপ্তাহের মঙ্গলবার বাদে বাকি চারদিন অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন