দারিদ্র্য বিমোচন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ে অবস্থিত পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যু-এ অনুষ্ঠিত জেসিআই কার্নিভাল-২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এটি তরুণদের নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। একই সঙ্গে সমাজ পরিবর্তনের ধারাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাধীনতার পর বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষি খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এই অগ্রযাত্রাকে টেকসই করতে আধুনিক প্রযুক্তি ও নতুন চিন্তাধারার প্রয়োজন রয়েছে। উপস্থিত তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন