বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। এক সংঘবদ্ধ চক্র তাঁর ছবি ও কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া ওষুধি পণ্য ও অবৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞাপন প্রচার করছে। আজহারি মঙ্গলবার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, দুই মাস আগে সতর্কবার্তার পর কিছু সময় প্রতারণার কার্যক্রম বন্ধ থাকলেও পুনরায় নতুন করে জাল বিজ্ঞাপন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “দেশ-বিদেশ যেখানেই থাকুন, ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্তের কাজ চলছে। কঠোর আইন প্রয়োগের মুখোমুখি হতে হবে।” ইতোমধ্যেই পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিটিআরসির চেয়ারম্যান বরাবর আবেদন পাঠিয়ে ভুয়া পেজ ও কনটেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাওলানা আজহারি সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখার আগে তার সত্যতা যাচাই করুন। তিনি স্পষ্ট করে জানান যে, তাঁর পক্ষ থেকে বা তাঁর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ থেকে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা হয় না।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন