ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের একটি পাইলটকে উদ্ধারে সরাসরি সহায়তা করেছে ইসরায়েল—এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন এবং ‘শত্রু ভূখণ্ড থেকে পাইলটকে উদ্ধারে সাহসী সিদ্ধান্ত ও নিখুঁত মিশনের জন্য অভিনন্দন জানিয়েছেন’। এই ফোনালাপে ট্রাম্প ইসরায়েলের পক্ষ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।
সপ্তাহান্তে রাতভর পরিচালিত এক ঝটিকা অভিযানে মার্কিন কমান্ডোরা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন। এর আগে ওই অঞ্চলে একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দুই দিন ধরে মার্কিন বাহিনী নিবিড় অনুসন্ধান চালায়। উদ্ধার হওয়া ক্রু সদস্য বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছেন। নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধক্ষেত্রে এবং এর বাইরে আমাদের সহযোগিতা নজিরবিহীন, এবং একজন সাহসী মার্কিন যোদ্ধাকে বাঁচাতে ইসরায়েল অবদান রাখতে পেরেছে।’ এই দাবি মধ্যপ্রাচ্যের চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। ইরান বরাবরই তাদের আকাশসীমায় বিদেশি হস্তক্ষেপের সমালোচনা করে আসছে, তাই মার্কিন পাইলট উদ্ধারে ইসরায়েলের সহায়তা তেহরানকে আরও ক্ষুব্ধ করতে পারে।
নেতানিয়াহু বারবার ‘নজিরবিহীন সহযোগিতা’ শব্দের ওপর জোর দিয়েছেন, যা দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্কের গভীরতাকে নির্দেশ করে। তবে ঠিক কী ধরনের সহায়তা প্রদান করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পেন্টাগন বা হোয়াইট হাউস পাইলট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও ইসরায়েলের ভূমিকার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফল উদ্ধার মিশন ওয়াশিংটনের জন্য স্বস্তির, এবং একই সঙ্গে তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধির কৌশল হিসেবেও কাজ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন