পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফছার সরদার (৪৫) ওই এলাকার কাজি সরদারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে হাত-পা বাঁধা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, এ ঘটনার পর এলাকায় আরও অস্থিরতা তৈরি হতে পারে। নিহতের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাঁথিয়া থানার পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন