ঢাকা | |

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ৪:৮ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ৪:৯ সময়
ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনের এক মাসের বেশি সময় পার হলেও আঙুলের কালি না ওঠায় হাস্যরসের ছলে তিনি বলেন, কালি তো উঠছেই না। ভয় হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা পড়ে যাব। সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


নাসির উদ্দিন জানান, নির্বাচনের পর তার এক সাবেক সহকর্মী ফেসবুকে তাকে উদ্দেশ্য করে লিখেছেন—মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কি কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছেই না। এ বিষয়ে সিইসি বলেন, তিনি নিজেও পরীক্ষা করে দেখেছেন যে তার আঙুলে এখনো কালি রয়েছে। তার ভাষায়, আমি জানি না সরবরাহকারী কী ধরনের ম্যাজিক করেছেন। বাংলাদেশের ইতিহাসে এবারই আমরা সবচেয়ে ভালো মানের কালি ব্যবহার করেছি। সাধারণত ভোট দেওয়ার পর একটু ঘষলেই কালি উঠে যায়, কিন্তু এবারকার কালি অবিশ্বাস্য রকম টেকসই।


কালির মতো নির্বাচনও ভালো হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, তিনি শত শত মানুষের কাছে জানতে চেয়েছেন তারা ভোট দিতে পেরেছেন কি না। কেউ বলেননি যে তারা ভোট দিতে পারেননি। বিশেষ করে নারী ও সংখ্যালঘু ভোটারদের কাছেও তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন।


নির্বাচন পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ভোটের পর বেশ কিছু অনিয়মের অভিযোগ এলেও তদন্তে দেখা গেছে অভিযুক্তরা সবাই পুরুষ প্রিজাইডিং অফিসার। এখন পর্যন্ত কোনো নারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে