মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরেও। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক মানুষ দ্রুত দেশ ছাড়তে বাধ্য হওয়ায় সেখানে হাজার হাজার পোষা প্রাণী পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থাগুলো। এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রাণী সুরক্ষা সংস্থা রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমালস (আরএসপিসিএ) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎ করে দেশ ত্যাগ করা মানুষের পোষা প্রাণীগুলো এখন নীরব ভুক্তভোগীতে পরিণত হয়েছে। অনেকেই তড়িঘড়ি করে দেশ ছাড়তে গিয়ে তাদের পোষা কুকুর-বিড়ালকে সঙ্গে নিতে পারছেন না।
গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে জরুরি ফ্লাইট পরিচালনা করে। জানা গেছে, ১ মার্চের পর থেকে প্রায় ৪৫ হাজার ব্রিটিশ নাগরিক এই অঞ্চল ত্যাগ করেছেন। আরএসপিসিএর ব্ল্যাকপুল ও নর্থ ল্যাঙ্কাশায়ার শাখার প্রধান নির্বাহী হান্না মেইন্ডস জানান, তিনি আগে দুবাইয়ে বসবাস করতেন এবং এমন অনেক পোষা প্রাণীর দেখভাল করেছেন যাদের মালিকরা হঠাৎ করে দেশ ছেড়ে চলে যান। তার মতে, অনেক প্রাণীর শরীরে থাকা মাইক্রোচিপ থেকে বোঝা যায় তারা একসময় পরিবারের আদরের সদস্য ছিল। কিন্তু মালিকরা চলে যাওয়ায় এখন তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্র জানিয়েছে, যুদ্ধের কারণে মানুষ দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত পোষা প্রাণীর সংখ্যাও দ্রুত বাড়ছে। কুকুর উদ্ধারকারী সংস্থা কে৯ ফ্রেন্ডস বলেছে, হঠাৎ করে দেশ ছাড়তে বাধ্য হওয়ায় অনেক মালিক অনিচ্ছাসত্ত্বেও তাদের পোষা প্রাণী রেখে যেতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি নতুন উদ্ধার হওয়া প্রাণীদের পাশাপাশি আগে থেকেই আশ্রয়ে থাকা কুকুরগুলোর দেখভাল করছে। অন্যদিকে বিড়াল উদ্ধারকারী সংগঠন দুবাই স্ট্রিট কিটিস জানিয়েছে, পরিস্থিতি এখন তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রের প্রতিটি জায়গা পূর্ণ হয়ে গেছে, তবুও আহত ও পরিত্যক্ত বিড়াল উদ্ধারের অনুরোধ প্রতিদিনই বাড়ছে।
আরেকটি প্রাণী আশ্রয়কেন্দ্র দ্য সিক্স হাউন্টস জানিয়েছে, প্রতিদিন নতুন নতুন সাহায্যের আবেদন আসছে। কিন্তু কর্মী, অর্থ এবং আশ্রয়স্থলের অভাবে তারা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুবাই মিউনিসিপ্যালিটি শহরের বিভিন্ন স্থানে ১২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পশুখাদ্য সরবরাহ কেন্দ্র চালু করেছে, যাতে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়াল খাবার পেতে পারে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে পোষা প্রাণী পরিত্যাগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ ধরা পড়লে তাকে কয়েক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন