ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত সরকারের প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না। জুলাই সনদ নিয়ে আলোচনা সম্পন্ন হওয়ার পরই ডেপুটি স্পিকারের পদ সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করা হবে। এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়ার বিষয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, জুলাই সনদ এবং গণভোটের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন না হলে দল কেবল প্রতীকী বা অলংকারস্বরূপ ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন এবং জাতীয় ঐক্য বজায় রাখা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন