যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ নয়জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহ পাওয়া গেছে। তাঁরা গত মঙ্গলবার তুষারধসের ঘটনায় নিখোঁজ হয়েছিল। নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিখোঁজ থাকা শেষ স্কিয়ারেরও খোঁজ চলছে। তবে তাঁকে মৃত হিসেবে ধরা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ছিল উদ্ধারকারী দলের এক সদস্যের দাম্পত্যসঙ্গী, ফলে উদ্ধার কাজ মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসেল পিক এলাকায় ‘ফুটবল মাঠের’ সমান আকারের তুষারধস ঘটে। এতে ১৫ জন স্কিয়ার নিখোঁজ হয়। তাঁদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত আটজনের মরদেহ এখনো তুষারের নিচে আটকে রয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় অবিলম্বে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানিয়েছেন, তুষারধসের পর এলাকায় আরও তিন ফুট তুষারপাত হয়েছে এবং ঝুঁকি এখনও অনেক বেশি। মরদেহ উদ্ধারের পর প্লেসার কাউন্টির মর্গে নিয়ে যাওয়া হবে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন