নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দীর্ঘ ১৯ বছর পর সরকারপ্রধান হিসেবে সচিবালয়ে তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রী তার নতুন ১ নম্বর ভবনের তিনতলায় সুসজ্জিত কার্যালয়ে প্রথম দিনের অফিসে বসেন। আজ বিকেল ৩টায় তিনি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সভাপতিত্ব করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রশাসনের কার্যক্রম, শৃঙ্খলা ও সরকারের অগ্রাধিকার নিয়ে নির্দেশনা দেওয়া হবে।
সচিবালয়ে নতুন মন্ত্রিসভার বরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। করিডোরগুলোতে ফুলের টব বসানো হয়েছে, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং নামফলক পরিবর্তনসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পরিচিতিমূলক ফলক বসানো হয়েছে।
প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। আজ সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন, যেখানে নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন