পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী, পূর্বনির্ধারিত ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীরা যেন অবকাশ পায়—সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এর ফলে দীর্ঘ ধারাবাহিক ছুটির সূচিতে পরিবর্তন আসছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একাধিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে স্কুল, কলেজ ও মাদরাসাসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরে সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রি ব্রতের কারণে রবিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি।
বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, চলতি শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত ছিল। রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে আগে টানা ১৯ দিনের ছুটির পরিকল্পনা থাকলেও হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে ছুটি আরও আগে শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় পাঠদান শুরু হবে।
এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের অবকাশ থাকবে। পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন এবং লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা ই ইয়াজ দহম উপলক্ষে আলাদা ছুটি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত দুই দিন ছুটিসহ অন্যান্য জাতীয় ও ধর্মীয় দিবসে নিয়ম অনুযায়ী ছুটি কার্যকর থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন