চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতের সময় ভয়ংকর বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কথুনিপাড়া গ্রামের জিহাদ আলী এবং সদর উপজেলার ধামার মোড় এলাকার আল আমিন। আহতদের মধ্যে রয়েছেন ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান, মিনহাজ এবং রানীহাটি–উপরধুমি এলাকার শুভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরি করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলেই জিহাদ ও আল আমিনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।
ঘটনার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিআইজি জানান, বিস্ফোরণের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন