নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সংসদ সচিবালয়। সংসদ ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। শুক্রবার দিনভর বৈঠকের মাধ্যমে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে প্রটোকল, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন এবং প্রযুক্তিগত সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজানো হয়। এ কাজে সচিবালয়ের বিভিন্ন শাখা ও দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর শপথ অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরই শপথ আয়োজন করা হবে।
এদিকে শপথবাক্য কে পাঠ করাবেন—তা নিয়ে আলোচনা চলছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী সোমবার তিনি এই দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংবিধানের বিশেষ বিধান কার্যকর হতে পারে। সে ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ পাঠ করাতে পারেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
উল্লেখ্য, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনারের ওপর এ দায়িত্ব বর্তায়। ফলে গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের বিষয়টি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন