ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় অবস্থানসংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সরাসরি যুক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্টরা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্বাচন কমিশনের মতে, এই বিধিনিষেধের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত উপস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
ইসি আশা করছে, এ ধরনের আগাম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় ভোটের পরিবেশ আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন