আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত প্রক্রিয়া শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
ডিজিটাল ব্যাংকের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ডিজিটেন, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজিট–অল, নগদ ডিজিটাল ব্যাংক, কোরি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থইস্ট ডিজিটাল ব্যাংক এবং জাপান বাংলা ডিজিটাল ব্যাংক।
তালিকার প্রথম পাঁচটি প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে বাকি তিনটি প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের মধ্যে অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
মেজবাউল হক বলেন, গত ১৭ আগস্ট পর্যন্ত ৫২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের অনুমোদন চেয়ে আবেদন করেছিল। তিনটি কমিটির মাধ্যমে সেই আবেদন মূল্যায়ন করা হয়। প্রসেস কমিটি ১০০ মার্কের মধ্যে যারা ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তাদের চিহ্নিত করে। ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল নয়টি। একটি প্রতিষ্ঠান ইনস্যুরেন্স কোম্পানি হওয়ায় সেটিকে বাদ দেওয়া হয়েছে। বাকি আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আজ।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন