বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন খালেদা জিয়াসহ আরও যারা আছেন, তাদের জন্য ওই আসনে প্রার্থী দেবে না। বাকি আসনগুলোতে প্রার্থী দেয়ার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনীতিতে পেশিশক্তির মালিক, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়। তবে সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করবে এনসিপি। খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে— এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চান বলে মন্তব্য করেন নাহিদ।
এদিক, এনসিপির জোট প্রসঙ্গে নাহিদ বলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়। জুলাই সনদ সংস্কারে আমাদের যেসব দাবি রয়েছে, সেগুলোর সঙ্গে কোনো দল সংহতি জানালে, জোটের বিষয়ে ভেবে দেখা হবে। এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন