সরকারের খাদ্য মজুদ বর্তমান সময়ে সন্তোষজনক পর্যায়ে রয়েছে, চলতি মৌসুমে আমনের ফলন ভালো হবে এবং মধ্য নভেম্বর থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী সার্কিট হাউজে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আসন্ন মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, ‘চাল সংগ্রহে এবার মানের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে।
কৃষকদের স্বার্থে সরকার কৃষিতে নিয়মিত ভর্তুকি দিয়ে আসছে। এই আমন সংগ্রহ অভিযান কিভাবে সফল করা যায়, তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
তিনি খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা)। একদম সামনের কাতারে সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না।’
উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছে।
এসময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুদ অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বিভাগের আট জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন