সাভারের কলমা দক্ষিণপাড়া এলাকায় নিজের জমির ওপর দিয়ে প্রতিবেশির ড্রেনেজ লাইন নির্মাণে বাধা দেওয়ায় স্বপন আলি নামে এক জমির মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা গরু কেনার প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা দক্ষিন পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বপন আলি জানান, পার্শ্ববর্তী জমির মালিক পিয়ার আলির ড্রেনেজ লাইন তার জমির ভেতর দিয়ে নেওয়ার কাজ চলছিল। অভিযোগ রয়েছে, এই কাজটি পরিচালনা করছিলেন সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন।
স্বপনের দাবি, তিনি বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায় এবং তিনি নিজ দোকানে ফিরে যান। পরে সন্ত্রাসীরা এসে তাকে মারধর করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য আরিফ হোসেন জানান, ড্রেনেজ লাইনটি সরকারি জমির ওপর দিয়ে করা হচ্ছিল স্থানীয়দের সুবিধার্থে। স্বপন আলি সরকারি জমিকে নিজের দাবি করে কাজে বাধা দেয় ও গালাগালি করে। পরে উত্তেজিত হয়ে তার অনুসারীরা স্বপনকে মারধর করে থাকতে পারে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন