সাভারের আশুলিয়ায় বন্ধ ঘোষিত নাসা গ্রুপের শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মো. টিপু সুলতান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।
গ্রেফতার টিপু সুলতান ঝিনাইদহের শৈলকূপা থানার পূর্ব মাদলা এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নারসিংহপুরের ইটখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকায় নাসা গ্রুপের শ্রমিকদের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় উসকানিদাতা ও মূল হোতা হিসেবে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন