ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়।
ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। তবে এই রিটের শুনানি কখন হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন এবারের ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয়ে করা হয়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন