রাজধানীর বনানী এলাকায় ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
আসামি পক্ষের আইনজীবী মহসিন মিয়া, আজাদ হোসেন, গোলাম মঈনউদ্দীন চিশতী তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে '৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলাটি দায়ের করেন। রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন