জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বহু শহরে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে থাকলেও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে নগরীর বায়ুর মানে কিছুটা উন্নতি দেখা গেছে। এখন ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।
আজ বুধবার (২৮ মে) সকাল ৭টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর ছিল ৮৮। এ অবস্থান অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম। একিউআই স্কোর অনুযায়ী ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকা মানকে সাধারণত ‘মধ্যম’ বা ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে, একই সময়ে একিউআই স্কোর ২০৯ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকায় ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে রয়েছে হ্যানয় (স্কোর ১৭৯), তৃতীয় জাকার্তা (১৭৪), চতুর্থ দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে সিউল, যার স্কোর ১৪৩।
বায়ুমানের মাত্রা অনুযায়ী ০–৫০ স্কোর ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। একিউআই স্কোর যত বাড়ে, জনস্বাস্থ্যের জন্য তত বেশি হুমকিস্বরূপ হয়ে ওঠে।
বিশেষ করে ‘খুব অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর অন্যান্যদেরও সীমিতভাবে বাইরে কাজ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন