ঢাকার মিরপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হামলায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ জানায়, আহত ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম, তার পিতার নাম মৃত জামাল উদ্দীন। তিনি পরিবার নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে বসবাস করেন এবং তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।
গুরুতর আহত মাহমুদুল সাংবাদিকদের জানান, সকালবেলা বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থিত তার মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা টাকার জন্য চাপ দিলে তিনি বাধা দেন, এতে একজন দুর্বৃত্ত তাকে কোমরে গুলি করে। এরপর তারা তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের শনাক্তে কাজ চলছে। পাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন