ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্য করে হত্যার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। একই সময়ে ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একসঙ্গে এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি তেহরানে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করছেন, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিতে পারলে দেশটির বাকি নেতৃত্ব যুদ্ধ বন্ধের বিষয়ে চাপের মুখে পড়তে পারে।
তবে প্রশাসনের অন্য একটি অংশ এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্ক। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা হলে দেশটির পক্ষ থেকে বড় ধরনের পালটা প্রতিক্রিয়া আসতে পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করার পথও কঠিন হয়ে যেতে পারে। এর মধ্যেই বৃহস্পতিবার ইরান থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের একটি বন্দর থেকে বের হয়ে নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজটির পেছনের অংশে হামলা চালানো হয়। এতে জাহাজটির চলাচলের সক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে সেখানে থাকা বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে দুই পক্ষের পালটাপালটি অবস্থানের কারণে জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুদ্ধ বন্ধে আলোচনা চললেও একদিকে সামরিক চাপ, অন্যদিকে পালটা হুমকি—দুইয়ের কারণে পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন