ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস

যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা হিসেবে পরিচিত ভবদহ এলাকার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গতকাল
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস

যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা হিসেবে পরিচিত ভবদহ এলাকার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গতকাল বিকেলে অভয়নগর উপজেলার ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।


স্লুইস গেটের বর্তমান অবস্থা পরিদর্শনের পর ভবদহ কলেজ মাঠে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিও উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এলাকার অধিকাংশ জমি আবার চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি পুনরায় চাষের আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় থাকা মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে আগের সরকার ব্যর্থ হয়েছে। ভবদহ এলাকায় চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে মানুষ অনেকটাই মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে ৮১ কিলোমিটার নদী খননের যে প্রকল্প চলছে, সেটি আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর আগে দুপুরে ভবদহ স্লুইস গেট পরিদর্শনের সময় সেখানে জলমগ্ন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা অবস্থান নেন। তারা পানি সরিয়ে মানুষকে বাঁচানো, দ্রুত টিআরএম বাস্তবায়ন, সেচ প্রকল্প বাতিল এবং নদী খননের পাশাপাশি টিআরএম বাস্তবায়নের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।


এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্থানীয় বাসিন্দাদের কথা শোনেন। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা। এদিকে সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।


সভায় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ভবদহবাসীর দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে এবার সমস্যার স্থায়ী সমাধান হবে—এমন আশ্বাসই দিয়েছেন সরকারের প্রতিনিধিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী