রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পুলিশের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এবং তাদের বিরুদ্ধে পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও গোয়েন্দা শাখার প্রধান গাজিউর রহমান। তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির আশঙ্কায় আগে থেকেই গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
নজরদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৩৭ নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। এদিকে বড় জনসমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আটক ৩৭ নারীর বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন