পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। করাচিতে পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে বাংলাদেশি এই সংসদীয় প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। সঙ্গে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। ইসলামাবাদ ও লাহোরের সরকারি কর্মসূচি শেষে প্রতিনিধি দল করাচিতে পৌঁছায়। সেখানে সিন্ধু প্রাদেশিক পরিষদের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সরকারি সফরে গেছে বাংলাদেশি প্রতিনিধি দল। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন