গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে বিরোধী দলগুলোর প্রতি তিনি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। এমন কর্মসূচি হলে তিনি তাতে সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেছেন।
বুধবার ১৮ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপণ্যের সরবরাহও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। তখন এলাকার মানুষই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার কোনো ধরনের হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় টুঙ্গিপাড়ার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার কঠোর হাতে নাশকতা দমন করতে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটতে পারে। আর এমন ঘটনা ঘটলে সেটিকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে—এমন আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। রাশেদ খাঁন আরও দাবি করেন, অতীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে বছরের পর বছর এভাবে হতাহতের মাধ্যমে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই রাজনৈতিকভাবেই আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষদিকে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ তুলে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, একই এলাকায় জামায়াতের কার্যালয় এবং দলটির নেতাকর্মীদের বাড়িঘর কেন অক্ষত রয়েছে, সেটিও খতিয়ে দেখা দরকার। সবশেষে বিরোধী দলগুলোর প্রতি সরাসরি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি। রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনেক লংমার্চ করেছে, এবার টুঙ্গিপাড়ার উদ্দেশে লংমার্চের কর্মসূচি হতে পারে। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন