ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে শিল্প পুলিশ ও মহানগর পুলিশের পক্ষ থেকে মোট
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৪ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৪ সময়
গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে শিল্প পুলিশ ও মহানগর পুলিশের পক্ষ থেকে মোট ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৭০ জন। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

নাশকতার মামলা ও গ্রেপ্তারের হিসাব
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ হোসাইন জানান, শিল্প পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আগে থেকেই ৮ থেকে ১০টি কারখানা বন্ধ রয়েছে। তবে অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। অন্যদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিভিন্ন থানায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ভাঙচুর ও নাশকতার ঘটনায় আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্রমিক তৌফিকের মৃত্যু, এখনো হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকেও মামলা করা হয়নি। তবে নিহত তৌফিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে জিএমপি ও জেলা পুলিশ একযোগে কাজ করছে। তৌফিকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। গত সোমবার (২ নভেম্বর) গাজীপুরের বাংলা বাজার এলাকায় শ্রমিক আন্দোলনের সময় একটি কারখানায় ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন ২১ বছর বয়সী তৌফিক।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এ সময় কয়েকজন আন্দোলনকারী তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ করে জীবিকার তাগিদে গাজীপুরে পাড়ি জমান তিনি। এক বন্ধুর সহযোগিতায় লায়লা গার্মেন্টসে চাকরি নেন। বাংলা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। নাশকতার ঘটনায় একাধিক মামলা হলেও তৌফিকের মৃত্যুর ঘটনায় মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো।

সাংবাদিকদের ওপর হামলা ও গুজব ছড়ানোর অভিযোগ
গত কয়েক দিনে গাজীপুরে শ্রমিক আন্দোলন ও সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় তাঁদের ক্যামেরা ও সংবাদ সংগ্রহের অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সাংবাদিক নেতারা উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহের স্বাধীনতা বজায় রাখা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে, পোশাকশিল্পের কয়েকজন মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। তাঁদের দাবি, ‘গার্মেন্টস শ্রমিক গাজীপুর’ নামের ফেসবুক গ্রুপসহ বিভিন্ন নামের অ্যাকাউন্ট ও গ্রুপ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে শ্রমিকদের উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে।

মালিকপক্ষের বক্তব্য ও শ্রমিকদের প্রতি আহ্বান
শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সাদমা গ্রুপের পরিচালক এইচ এম শাকোত ইমরান। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। তাঁদের এই দাবির প্রতি মালিকপক্ষের সম্মান রয়েছে। সরকার গঠিত মজুরি বোর্ডে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিরা রয়েছেন। বোর্ড আলোচনার মাধ্যমে যে মজুরি নির্ধারণ করবে, তাঁরা সেটিই মেনে নেবেন। শাকোত ইমরান আরও বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন কিংবা কর্মবিরতি পালনের অধিকার রয়েছে। কিন্তু ভাঙচুর, সড়ক অবরোধ, দোকানপাটে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের মতো কর্মকাণ্ড শ্রমিকদের কাজ হতে পারে না। তাঁর মতে, এসব ঘটনার পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তাঁর অভিযোগ, সাদমা গ্রুপের কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও বাইরে থেকে ফোন পাওয়ার পর তাঁদের কেউ কেউ কর্মস্থল ছেড়ে চলে যান। অন্য কারখানার লোকজন এসে হামলা ও ভাঙচুর করায় নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে হয়েছে।

তিনি বলেন, ‘শ্রমিক বাঁচলে আমি বাঁচব, শ্রমিক বাঁচলে আমার ফ্যাক্টরি বাঁচবে, আমার ফ্যাক্টরি বাঁচলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে।’ শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের ধৈর্য ধারণ করে মজুরি বোর্ডের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল