যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নবম কংগ্রেসনাল আসনে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি মার্সি ক্যাপ্টুর। রিপাবলিকান প্রার্থী ডেরেক মেরিনকে পরাজিত করে কংগ্রেসে নিজের ২৩তম মেয়াদ নিশ্চিত করেছেন ৮০ বছর বয়সী এই রাজনীতিক।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। এই আসনে জয়-পরাজয় প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছিল, যাতে রিপাবলিকান প্রার্থীর সুবিধা হওয়ার কথা। তবে সেই পরিবর্তনের পরও জয় ধরে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী মার্সি ক্যাপ্টুর।
এর আগে ২০২৪ সালের নির্বাচনেও একই আসনে ক্যাপ্টুরের মুখোমুখি হয়েছিলেন ডেরেক মেরিন। সেবার দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২ হাজার ৪০০-এরও কম। এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে নিজের আসন ধরে রাখলেন দীর্ঘদিনের এই কংগ্রেস সদস্য। ১৯৮২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হন মার্সি ক্যাপ্টুর। এরপর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করছেন তিনি। দেশটির কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নারী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন