জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামে এক নারীকে আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন। এরপর তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বুধবার ৪ নভেম্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেন জামালপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. খান আব্দুল হালিম সিদ্দিকী। মারধরের শিকার রাসেল হোসেন জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আদালত পুলিশ ও আহত ব্যক্তির পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ নভেম্বর মেলান্দহ উপজেলার মুন্সীনাংলা এলাকায় একটি শিল্পকারখানায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জান্নাতুল হুমায়রা, মাসুদ, সামিউল ইসলাম ওরফে জাম্বুর, আমিনুর ইসলাম ওরফে ফকির এবং আক্তার হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কারখানাটিতে হামলা চালান। এ সময় ফাঁকা গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় রাসেল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় নাশকতার মামলা করেন।
মঙ্গলবার ছিল ওই মামলার শুনানির দিন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন রাসেল। অভিযোগ অনুযায়ী, এ সময় জান্নাতুল হুমায়রা ও মাসুদের নেতৃত্বে কয়েকজন আসামি তাঁর ওপর হামলা চালান। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি মামলা তুলে না নিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাসেল।
পরে আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জান্নাতুল হুমায়রাকে আটক করেন। আদালতের নির্দেশে তাঁকে বিচারকের সামনে হাজির করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন। এরপর আদালত তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রিশাদ রেজওয়ান বাবু বলেন, আদালত প্রাঙ্গণ বিচারপ্রার্থীদের জন্য নিরাপদ স্থান হওয়ার কথা। সেখানে বাদীকে মারধরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আদালতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন