ইরানের ওপর আপাতত নতুন করে কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে পরিস্থিতি বদলে গেলে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতির দাবি করলেও সামরিক প্রস্তুতি থেকে সরে আসছে না ওয়াশিংটন।
বুধবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে শেষ পর্যন্ত হামলার প্রয়োজন নাও হতে পারে। তিনি বলেন, ‘আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। আমাদের যেতে হলে আমরা প্রস্তুত এবং পুরোপুরি সজ্জিত। তবে এর কোনো কারণ নাও থাকতে পারে।’
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো চাইছে, সেগুলো অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমরা যা চাই, সবই পাচ্ছি।’
এদিকে ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বিভিন্ন বন্দরে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধ আরোপের মার্কিন উদ্যোগের কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, এই চাপ প্রয়োগের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বেশ ভালো অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের কাছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে, নাকি সামরিক উত্তেজনা আবারও বাড়বে।
একদিকে আলোচনায় অগ্রগতির দাবি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি—ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থানই সামনে এসেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন