মাত্র এক ঘোষণাতেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। নতুন দাম ২ হাজার ৬০ টাকা। রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এলপিজির দাম যেভাবে বাড়ছে, তাতে জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি। এর আগে সোমবার সন্ধ্যায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে ১ হাজার ৮৩৭ টাকা দামের সিলিন্ডার কিনতে এখন গ্রাহকদের গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম বেড়েছে ২২৩ টাকা।
শুধু ১২ কেজির সিলিন্ডার নয়, অন্যান্য ওজনের এলপিজির দামও নির্ধারণ করা হয়েছে নতুন করে। ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭২৬ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এলপিজির এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপ পড়বে রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোর দৈনন্দিন ব্যয়ে। এখন প্রশ্ন, নতুন দামে গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের সংসার খরচে কতটা বাড়তি চাপ তৈরি হয়?
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন