রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার আর বেঁচে ফিরতে পারলেন না। শরীরের ৬৩ শতাংশ পুড়ে যাওয়ায় কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ৩৩ বছর বয়সী এই নারী। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে।
রোববার, ১ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রিস্টিন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে রাজধানীর বনানী থানার ৭ নম্বর সড়কের একটি বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে গুরুতরভাবে দগ্ধ হন ক্রিস্টিন।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাসার ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন জানান, রান্নার জন্য চুলা জ্বালানোর সময় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে ক্রিস্টিন দগ্ধ হন।
জানা গেছে, গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন ক্রিস্টিন। এরপর বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাসার বি/১ ব্লকের একটি ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। অন্যদিকে, আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, ক্রিস্টিন তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর থেকে ওই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনে ক্রিস্টিনের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন