মাত্র ১০০ টাকার একটি প্রাইজবন্ড থেকেও জিতে নেওয়া যেতে পারে ৬ লাখ টাকা! বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার, ১ নভেম্বর। এতে পাঁচ ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তবে পুরস্কার জিততে হলে আপনার প্রাইজবন্ডের নম্বরটি বিজয়ী নম্বরের সঙ্গে মিলতে হবে।
নির্ধারিত ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ হাজার টাকা। সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস বাড়ানোর উদ্দেশ্যে সরকার বাংলাদেশ প্রাইজবন্ড চালু করেছে। এর বিশেষ সুবিধা হলো, নির্ধারিত নিয়ম মেনে যেকোনো সময় প্রাইজবন্ড কেনা ও ভাঙানো যায়। আর ড্রয়ে বিজয়ী হলে বন্ডের বিপরীতে পাওয়া যায় নির্ধারিত পুরস্কারের অর্থ।
প্রাইজবন্ডের ড্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সব সিরিজের একই নম্বরের বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হয়। অর্থাৎ, শুধু সিরিজ নয়, বন্ডের নম্বর মিলিয়ে দেখাও গুরুত্বপূর্ণ। এ ছাড়া ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ডও নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ড্রয়ের আওতায় থাকবে। এ ক্ষেত্রে বিক্রির দিন গণনায় অন্তর্ভুক্ত করা হলেও ড্রয়ের দিন গণনা করা হয় না।
তবে পুরস্কার জিতলেই পুরো অর্থ হাতে পাওয়া যাবে না। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয়। ফলে পুরস্কারের ঘোষিত অর্থের তুলনায় কর বাদ দেওয়ার পর হাতে পাওয়া অর্থ কম হবে। সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়। তাই আপনার কাছে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ড থাকলে ড্রয়ের ফল প্রকাশের পর নম্বর ও সিরিজ মিলিয়ে দেখে নিতে পারেন। ভাগ্য সহায় হলে ছোট একটি সঞ্চয় থেকেই মিলতে পারে বড় অঙ্কের পুরস্কার।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন