ঢাকা | |
সংবাদ শিরোনাম :

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের

জাপানের উন্নত চিকিৎসাপ্রযুক্তি, প্রবীণদের পরিচর্যা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে জানতে টোকিওতে একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের

জাপানের উন্নত চিকিৎসাপ্রযুক্তি, প্রবীণদের পরিচর্যা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে জানতে টোকিওতে একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরের তৃতীয় দিনে হাসপাতাল থেকে শুরু করে প্রবীণদের ঘরে বসে সেবা দেওয়ার কেন্দ্র এবং জাপানের জাতীয় জাদুঘর ঘুরে দেখেন তিনি। দিনের কর্মসূচির শেষ দিকে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।


বুধবার, ২৮ অক্টোবর সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে তাঁকে আধুনিক চিকিৎসাপ্রযুক্তি, রোগ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি এবং উন্নত স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান বিশেষায়িত সিটি স্ক্যানার, পেট-সিটি, এমআরআই এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ ধরনের সিটি স্ক্যানার রয়েছে মাত্র পাঁচটি। উন্নত এসব প্রযুক্তি কীভাবে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবাকে আরও কার্যকর করতে পারে, সে বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়।


এরপর তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত হংগো হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন করেন। এটি একটি কমিউনিটিভিত্তিক সেবাকেন্দ্র, যেখানে প্রবীণ ও প্রয়োজনীয় পরিচর্যা পাওয়া ব্যক্তিদের নার্সিং এবং পুনর্বাসনসেবা দেওয়া হয়। সেখানে তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।


স্বাস্থ্যসেবার পাশাপাশি জাপানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ হয় তাঁর। দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও জাতীয় জাদুঘর পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে জাপানের ঐতিহাসিক নিদর্শন, শিল্পকর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন উপাদান ঘুরে দেখেন তিনি। বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীপত্নী। এরপর জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।


জাপান সফরের এই কর্মসূচিতে আধুনিক চিকিৎসাব্যবস্থা, প্রবীণদের পরিচর্যা, পুনর্বাসনসেবা এবং সাংস্কৃতিক ঐতিহ্য—বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ঘরে বসে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা এবং উন্নত চিকিৎসাপ্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু