দেশের একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা—আবহাওয়ার এমন বিপরীত চিত্র দেখা যাচ্ছে আজ। পাঁচ জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। তবে স্বস্তির খবর হলো, বৃষ্টি হলে এই তাপপ্রবাহ কমে আসতে পারে। একই সঙ্গে দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুধু এই পাঁচ অঞ্চল নয়, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এর মধ্যেই দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা। তবে বৃষ্টিপাত হলে এসব এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী পাঁচ দিনে তাপমাত্রায়ও কিছুটা পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পঞ্চম দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন