ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের নীরবতা ভেঙে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ! জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরেকটি বিস্ফোরণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের সন্নিকটে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকট শব্দে বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। কারা এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে একই দিনে দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছের সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কিছুক্ষণ পর ওই বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে উল্লেখ করে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে। একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাতের বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল—এখন তদন্তে সেই বিষয়টিই খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন