সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরতের তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক পেয়েছেন ৩৮১ কোটি টাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে এসব গ্রাহকের জমা অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে ব্যাংকটিতে নিয়মিত লেনদেনের পাশাপাশি নতুন আমানত জমার প্রবাহও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর আমানতের টাকা ফেরত চেয়ে ২১ হাজার ৮৬ জন গ্রাহক আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে মোট ৯৬৩ কোটি টাকা ফেরতের দাবি ছিল। তৃতীয় দিনে তাদের মধ্য থেকে ১০ হাজার ৬৯৭ জনকে ৩৮১ কোটি টাকা দেওয়া হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। ওইদিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর প্রথম দফায় ৮ হাজার ১২৫ জন গ্রাহককে ৩১৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়।
প্রথম দিনে ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা পড়ে ৯৩ কোটি টাকা। আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে আসে আরও ৫১ কোটি টাকা। সব মিলিয়ে ওইদিন ব্যাংকে নতুন অর্থপ্রবাহ ছিল ১৪১ কোটি টাকা। একই দিনে সম্পন্ন হয় ১৬ হাজার ৬০০টি লেনদেন। দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ সেপ্টেম্বর, ২ সেপ্টেম্বরের আবেদনের বিপরীতে ৭ হাজার ২৩৪ জন গ্রাহককে ৩৪০ কোটি টাকা ফেরত দেওয়া হয়। ওইদিন নগদ ও বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ব্যাংকে নতুন করে জমা হয় মোট ১৯৫ কোটি টাকা। এর মধ্যে নগদে ৯০ কোটি এবং ইলেকট্রনিক মাধ্যমে আসে ১০৫ কোটি টাকা। দিনটিতে মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে আমানতের অর্থ পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি ব্যাংকের সার্বিক অর্থপ্রবাহ এবং ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও চালু রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন