বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা শেষে জামিনে মুক্তি পান তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় তাকে।
প্রায় ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনে মুক্তি পান তারেক রহমান। কারাবন্দি থাকা অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সব মামলায় জামিন পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই মুক্তি পান তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
কারামুক্তির পর থেকেই তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেন। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন