ঢাকা | |

পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আনুষ্ঠানিক গেজেট চলতি
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আনুষ্ঠানিক গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। গেজেট প্রকাশের সময়সীমা সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি সপ্তাহেই এটি প্রকাশিত হবে। এ ক্ষেত্রে একটি নয়, একাধিক গেজেট প্রকাশ করা হবে। পাশাপাশি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর কয়েকটি বিষয় আলাদা প্রজ্ঞাপন বা এসআরও আকারে প্রকাশ করা হবে।


নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


৪র্থ গ্রেডে মূল বেতন ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার এবং ৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা হবে। এ ছাড়া ৯ম গ্রেডে ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে।


নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে আরও বেশি রাখা হয়েছে। ১২তম গ্রেডে নতুন মূল বেতন হবে ২৪ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪ হাজার, ১৪তম গ্রেডে ২৪ হাজার এবং ১৫তম গ্রেডে ২৩ হাজার ৫০০ টাকা। ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার এবং ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ টাকা প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে। আর ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে নতুন মূল বেতন হবে ২০ হাজার টাকা।


মন্ত্রিপরিষদ সচিব জানান, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর নতুন বেতন কাঠামো দেওয়ার কথা থাকলেও প্রায় ১২ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অপরিবর্তিত ছিল। অনুমোদিত নতুন বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধা নিয়ে অর্থ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করা হবে। নতুন কাঠামো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হবে। ফলে গেজেট প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও স্পষ্ট হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা